বাংলাদেশ থেকে লক্ষাধিক ভিডিও মুছেছে ইউটিউব

২ ডিসেম্বর, ২০২২ ০০:১৩  
বাংলাদেশ থেকে চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর মাসে ১ লাখ ১২ হাজার ৯৩০টি ভিডিও মুছে দিয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। গড় হিসাবে প্রতিদিন এক হাজার ২২৮টি করে বাংলাদেশি ভিডিও মুছেছে গুগলের মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্লাটফর্মটি। সম্প্রতি বিশ্বজুড়ে তৃতীয় প্রান্তিকে ইউটিউব থেকে মুছে দেওয়া ভিডিওগুলোর মধ্যে কোনোটি কোন অঞ্চল বা কোন দেশের ছিল, সে তথ্য তালিকা আকারে প্রকাশ করেছে গুগল। এই তালিকায় আট নম্বরে আছে বাংলাদেশ। গুগলের স্বচ্ছতা প্রতিবেদনের অংশ হিসেবে প্রকাশিত ওই তালিকার শীর্ষে আছে প্রতিবেশি দেশ ভারত। সেখানে তিন মাসে ১৭ লাখ ৭ হাজার ২০৪টি ভারতীয় ভিডিও মুছে দিয়েছে ইউটিউব। আর, বিশ্বব্যাপী মোট ৫৬ লাখ ৩ হাজার ৭৯৪টি ভিডিও মুছেছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করায় ৬৭ দশমিক ৯ শতাংশ ভিডিও মুছে দেয়া হয়েছে ১০টিরও বেশি ভিউ পাওয়ার আগেই। এর পাশাপাশি ইউটিউব ৭ কোটি ৩৭ লাখেরও বেশি মন্তব্য ডিলিট করে দিয়েছে। এর বেশিরভাগই স্প্যাম ছিল। ডিলিট করা মন্তব্যের ৯৯ শতাংশেরও বেশি স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হয়েছে। ইউটিউবের মতে, কন্টেন্ট যেখানেই আপলোড করা হোক না কেন, এর কমিউনিটি নির্দেশিকা বিশ্বজুড়ে একইভাবে কার্যকর হবে। ইউটিউবের নির্দেশিকা লঙ্ঘনের দায়ে ভিডিও ডিলিট করা হলে তা বিশ্বব্যাপীই সরানো হয়।